

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে ফলাফল গণনা, আর সবাই অপেক্ষা করছে আনুষ্ঠানিক ফলাফলের জন্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। যারা এখনও ভোটকেন্দ্রে অপেক্ষা করছেন, তারা ভোট দেয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশন এইবার ভোটের ফলাফল দ্রুত জানার জন্য চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ভোটাররা রিয়েল-টাইমে ফলাফল ও অন্যান্য নির্বাচনী তথ্য সহজেই জানতে পারবেন।
অ্যাপ ব্যবহার করার ধাপগুলো:
ডাউনলোড ও ইনস্টল:
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে সার্চ করে ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে অ্যাপটি খুলে ব্যবহার শুরু করা যাবে।
লগইন (ঐচ্ছিক):
ফলাফল দেখার জন্য লগইন বাধ্যতামূলক নয়। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সংক্রান্ত বিস্তারিত জানতে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হবে।
নির্বাচন ও কেন্দ্র নির্বাচন:
হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশনে ঢুকতে হবে। এরপর নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন) এবং নির্দিষ্ট জেলা বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।
লাইভ ফলাফলের আপডেট:
প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে। এখানে প্রার্থী বা দলভিত্তিক ভোটের সংখ্যা, ব্যবধান ও শতাংশ দেখা যাবে।
গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন:
ফলাফল গ্রাফ ও চার্টের মাধ্যমে প্রদর্শিত হবে, যাতে প্রার্থী বা দলের অবস্থান সহজে বোঝা যায়। এই অ্যাপ ব্যবহার করে ঘরে বসে প্রতিটি ধাপের ভোট ফলাফলের লাইভ আপডেট দেখা সম্ভব হবে।



