

প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বার্লিনালে) থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে উৎসবের জুরি সদস্যদের মন্তব্যের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন। খবর জানিয়েছে Al Jazeera।
ভারতের সংবাদমাধ্যম The Wire–এ প্রকাশিত এক লেখায় অরুন্ধতী রায় বলেন, জুরি বোর্ডের চেয়ারম্যান প্রখ্যাত জার্মান নির্মাতা Wim Wenders–সহ কয়েকজন সদস্যের মন্তব্য তাকে বিস্মিত করেছে। উদ্বোধনী প্যানেলে তারা বলেন, “শিল্প রাজনৈতিক হওয়া উচিত নয়।”
‘The God of Small Things’-এর লেখক অরুন্ধতী রায় লিখেছেন, একটি মানবতাবিরোধী অপরাধ যখন চোখের সামনে ঘটছে, তখন সে বিষয়ে আলোচনা এভাবে নিরুৎসাহিত করা অনুচিত। তিনি জানান, এ অবস্থানে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ। তার মতে, গাজা যুদ্ধ বন্ধে শিল্পী, লেখক ও চলচ্চিত্র নির্মাতাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা উচিত।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজায় যা ঘটছে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা। পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপের কয়েকটি দেশের সমর্থন ও অর্থায়নের সমালোচনাও করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এক সাংবাদিক জার্মান সরকারের অবস্থান ও মানবাধিকার প্রশ্নে ‘নির্বাচিত আচরণ’ নিয়ে জুরি সদস্যদের মতামত জানতে চাইলে উইম ওয়েন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। তার ভাষায়, রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করলে তা রাজনীতির ময়দানে প্রবেশের শামিল, কিন্তু শিল্পের কাজ মানুষের জন্য—রাজনীতিবিদদের জন্য নয়।
জুরি সদস্য পোলিশ প্রযোজক Ewa Puszczyńska প্রশ্নটিকে “কিছুটা অন্যায্য” বলে মন্তব্য করেন। তিনি বলেন, সরকার কোন পক্ষকে সমর্থন করবে সে জন্য চলচ্চিত্র নির্মাতারা দায়ী নন। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বে আরও অনেক সংঘাত রয়েছে, যেগুলো নিয়েও একইভাবে আলোচনা হয় না।
অরুন্ধতী রায়ের ১৯৮৯ সালের চলচ্চিত্র In Which Annie Gives It Those Ones উৎসবের ‘ক্লাসিকস’ বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এ উৎসবে তার অংশগ্রহণের কথা ছিল।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পর ইসরাইলে অস্ত্র রপ্তানিতে জার্মানি অন্যতম দেশ। ২০২৪ সালে পাঁচ শতাধিক আন্তর্জাতিক শিল্পী, লেখক ও সাংস্কৃতিক কর্মী জার্মান অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বয়কটের আহ্বান জানান। তারা এ নীতিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ হিসেবে বর্ণনা করেন।



