

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে বরিশালে বিএনপির তিন নেতাকে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ বেপারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে তারা কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ নেননি। বরং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হোসেন জানান, বহিষ্কারের নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, অভিযুক্ত তিন নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।



