জাতীয়

ঈদযাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রতিনিধি:
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো আশঙ্কা নেই।
শনিবার সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া জামে মসজিদ মাঠে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কিছুটা বেড়েছে। তবে সরকার পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। এ কারণে আসন্ন ঈদযাত্রা বা বাজারে নিত্যপণ্যের দামে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন, সে বিষয়ে সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
এর আগে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি এলাকাবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সিলেট নগরের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালন করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button