
নিজস্ব প্রতিবেদক | সিলেট:
সিলেটে জ্বালানি তেলের সরবরাহ সংকটের কারণে চালু হওয়া রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। শনিবার দিনভর আলোচনা ও উদ্যোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির–এর হস্তক্ষেপে বিষয়টির দ্রুত সমাধান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার সকালে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা সিলেটে জ্বালানি তেলের সরবরাহে সৃষ্ট জটিলতা এবং রেশনিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর মন্ত্রী দ্রুত উদ্যোগ নেন। তিনি সংশ্লিষ্ট জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন এবং সিলেটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেন।
পরে দিন শেষ হওয়ার আগেই সিলেটে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন থেকে সিলেটে নিয়মিত হারে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, দ্রুত এই সংকট সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম বলেন, “আমাদের বক্তব্য শোনার পর মন্ত্রী দ্রুত উদ্যোগ নিয়েছেন। এতে সিলেটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।”
স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা ও সাধারণ মানুষও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে পরিবহন চলাচল ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।



