

অনলাইন নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে জোটের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। বেলা ১২টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে, যা তারা কমিশনের কাছে তুলে ধরেছেন। এসব ঘটনার প্রতিবাদেই সোমবার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার প্রভাব ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। কোথাও কোথাও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নিজেরাই সিল মারার অভিযোগ রয়েছে। পাশাপাশি ভোটগ্রহণে বাধা ও ভীতি প্রদর্শনের কারণে ভোট কাস্টিং কম হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয়ভাবে ও কমিশনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও সন্তোষজনক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন।
এ ছাড়া কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিকভাবে বেশি ভোট পড়েছে এবং অতিরিক্ত ব্যালট ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, ভোট গণনার সময় এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে, ফলাফলের কাগজে কাটাছেঁড়া করা হয়েছে এবং ঢাকা-৬ আসনে এজেন্ট পরিবর্তনের ঘটনাও ঘটেছে।



