

অনলাইন নিউজ ডেস্ক
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ) অভিযোগ করেছেন, বিএনপির কিছু নেতা-কর্মী ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণ করছেন। তাঁদের নিয়ন্ত্রণ করা না গেলে তারেক রহমান-এর রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ‘চর দখলের মতো’ নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ’২৪–এর অভ্যুত্থানের চেতনা ভুলে গেলে চলবে না।
রোববার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছিলেন আসাদুজ্জামান ভুইয়া।
বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, দল যদি নিজস্ব নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে তাদের নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা কঠিন হবে। এমনকি তিনি মন্তব্য করেন, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে পতন আরও কঠিন হতে পারে।
নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। মাঠ প্রশাসনের একটি বড় অংশ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ তোলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বরিশাল-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ভুইয়া ঈগল প্রতীকে পান ৬১ হাজার ১৯২ ভোট।
নিজ আসনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ভোটের দিন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্র দখল, অস্ত্র নিয়ে প্রবেশ, এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোট দেওয়ার খবর আসে। বাবুগঞ্জে ব্যস্ত থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদী উপজেলার দিকে পর্যাপ্ত নজর দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
তার দাবি, মুলাদীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সীমিত থাকায় সেখানে অনিয়ম হলেও এজেন্টরা ভয়ে তাৎক্ষণিকভাবে জানাননি। পরে ভোট শেষে নিরাপদে গিয়ে তারা এসব তথ্য দিয়েছেন। সংবাদ সম্মেলনে কয়েকটি কেন্দ্রের অনিয়মের ছবি প্রদর্শন করে তিনি বলেন, এতে স্পষ্ট বোঝা যায় ভোটের দিন ‘চর দখলের’ মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এমনকি গণভোটের চেয়ে এমপি ভোট বেশি পড়ার ঘটনাও বড় ধরনের কারচুপির ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।



