

অনলাইন নিউজ ডেস্ক
নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৮ নির্বাচনী আসনে হেরে যাওয়ার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে ভোট পুনর্গণনার আবেদন করেছেন।
আবেদনে তিনি জানান, এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। একই আসনে বিএনপির মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে, তাঁর অভিযোগ অনুযায়ী, মির্জা আব্বাস, তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা ও বাতিল হওয়া ভোট গণনাভুক্ত করার মতো নানাবিধ অনিয়ম করেছেন। এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার ও রিটার্নিং অফিসারও নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা লঙ্ঘন করে রিটার্নিং অফিসার মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আবেদনপত্রে কয়েকটি কেন্দ্রের নাম উল্লেখ করে কারচুপি ও অনিয়মের বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন, ঢাকা-৮ আসনে অনিয়ম ও বেআইনি প্রভাব প্রয়োগের বিষয়ে তদন্ত করা হোক, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও সন্ত্রাসী কর্মী বাহিনীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি তিনি ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা করার অনুরোধ জানিয়েছেন এবং ধানের শীষের ভোট থেকে অবৈধভাবে বাদ দেওয়া ভোট পুনঃনির্ধারণ করে নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন। পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত আসনের শপথ অনুষ্ঠান আয়োজন না করার জন্যও কমিশনকে অনুরোধ করেছেন।
ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ার পরও নাসীরুদ্দীন পাটওয়ারী এখন টক অব দ্য কান্ট্রি। নির্বাচনে বিএনপির মির্জা আব্বাস ৫৯,৩৩৬ ভোটে জয়ী হয়েছেন, কিন্তু নাসীরুদ্দীন ৫৪,১২৭ ভোট পেয়ে চমক দেখিয়েছেন। ভোটের ব্যবধান মাত্র ৫,২০৯।



