রাজনীতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস অসম্পূর্ণ থাকবে : বাসুদেব ধর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেছেন, “খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস পরিপূর্ণ হবে না।” তিনি বলেন, “ইতিহাসে খালেদা জিয়া এক মৃত্যুঞ্জয়ীর নাম হিসেবে চিহ্নিত হবেন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

বাসুদেব ধর বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই শোক শুধু ব্যক্তিগত নয়, গোটা জাতির শোক। বিশ্বের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে বাংলাদেশ অধ্যায় খালেদা জিয়া ছাড়া সম্পন্ন হবে না, এবং এটি ইতিহাস প্রমাণ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা বেগম জিয়াকে গণতান্ত্রিক সংগ্রামের পথিকৃৎ হিসেবে রাজপথে দেখেছি। যখনই মানুষের অধিকার খর্ব হয়েছে, সেখানেই তিনি সক্রিয় ছিলেন। তিনি বারবার আমাদের পাশে দাঁড়িয়েছেন।”

তিনি বলেন, “যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, তবে এমন মৃত্যু, যা মানুষকে প্রতিবাদী হওয়ার প্রেরণা দেয়, তাদের নাম ইতিহাসে চিরকাল মনে রাখা হয়। বেগম খালেদা জিয়া সে রকম একটি নাম।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, “আমরা চাই এই গণতান্ত্রিক সংগ্রাম যেন হাতছাড়া না হয়। যদি আমরা এটি নিশ্চিত করতে পারি, তাহলে সেটাই হবে বেগম জিয়ার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন।”

বাসুদেব ধর আরও বলেন, “এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই— আগামী দিনে আমরা এক নতুন ইতিহাস গড়ব। গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে আমরা অতীতের সমস্ত কালিমা মুছে ফেলতে চাই, যাতে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়।”

তিনি বলেন, “আগামীতে নির্বাচন এবং রাজনীতিতে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যমুক্ত সমাজ গড়তে আমাদের কাজ করতে হবে, যাতে সকল নাগরিক সমান অধিকার ভোগ করতে পারে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button