সারাদেশ

বগুড়ায় ৭২ ঘণ্টায় ৩ খুন, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

বগুড়ায় মাত্র তিন দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড ও একটি নৃশংস হত্যাচেষ্টার ঘটনায় জেলায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে।

গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির কাছ থেকে পরিবহন ব্যবসায়ী সাইফুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত ঘরে পৌঁছাতে পারেননি তিনি।

নিহতের মেয়ে সাদিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরবেন—আমরা সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে।” প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের সাইফুলের সঙ্গে কারও দৃশ্যমান বিরোধ ছিল না। ফলে কী কারণে তাকে হত্যা করা হলো, তা এখনো স্পষ্ট নয়।

এর আগের দিন শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহরের মাটিডালী এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা ফাহিম হাসান। বোনের বিয়ে নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। একই সময়ে নিশিন্দারা এলাকায় বাবার গ্যারেজ থেকে ১৬ বছর বয়সী কিশোর আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

শুধু হত্যাকাণ্ডই নয়, সাম্প্রতিক সময়ে জেলায় সন্ত্রাসী হামলার ঘটনাও বেড়েছে। সেউজগাড়ী এলাকায় চাঁদা না দেওয়ায় সুনীল নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানুষ রাজপথে নেমেছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) শহরের সাতমাথায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তারা দ্রুত সব খুনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং শাস্তির নিশ্চয়তার অভাবেই এমন অপরাধ বাড়ছে। দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা কমানো সম্ভব।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, প্রতিটি ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অগ্রগতি রয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button