খেলাধুলা

অবিশ্বাস্য জয়ে কোয়ালিফায়ারে সিলেট, হতাশায় রংপুর

রীতিমতো অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে বিপিএলের এলিমিনেটর থেকে কোয়ালিফায়ারে উঠে গেল সিলেট টাইটান্স। আর এই হারের সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো রংপুর রাইডার্সের।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে শেষ বলের রোমাঞ্চে ৩ উইকেটে জয় পায় সিলেট। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান, আর সেই মুহূর্তে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান ক্রিস ওকস। এই জয়ে ফাইনাল থেকে আর মাত্র এক ধাপ দূরে থাকল মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে সিলেটের অধিনায়ক মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই রংপুরের ব্যাটিং লাইনআপে ধস নামান সিলেটের বোলাররা। দলীয় ২৯ রানের মধ্যেই তাওহীদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস ও কাইল মেয়ার্স—এই চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারায় রংপুর। চারজনই ফেরেন এক অঙ্কের রান করে, সম্মিলিত রান মাত্র ১৭।

এরপর খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। খুশদিল ১৯ বলে ৩০ রান করেন, হাঁকান তিনটি ছক্কা। রিয়াদ ২৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় করেন ৩৩ রান। তবে নুরুল হাসান সোহান ২৪ বলে মাত্র ১৮ রান করলে বড় সংগ্রহ গড়তে পারেনি রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১১ রান।

সিলেটের পক্ষে দুর্দান্ত বোলিং করেন খালেদ আহমেদ। ১৫ রানে চার উইকেট শিকার করেন এই পেসার। ক্রিস ওকস ১৫ রানে নেন দুটি উইকেট, নাসুম আহমেদও ১২ রানে দুটি উইকেট তুলে নেন।

১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরুটাও ছিল নড়বড়ে। দলীয় ২ রানে তৌফিক খান ফিরে যান। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে কিছুটা গতি আনলেও তার বিদায়ের পর আবারও চাপ বাড়ে। আরিফুল ইসলাম ১৮ বলে ১৭ ও আফিফ হোসেন ধ্রুব ৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন।

এরপর অধিনায়ক মিরাজ ও স্যাম বিলিংসের জুটিতে ম্যাচে ফেরে সিলেট। তবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজে রান তুলতে পারেননি তারা। ২৩ বলে ১৮ রান করে মিরাজ আউট হলে চাপ আরও বাড়ে। শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ১৫ রানের। ১৯তম ওভারে ৪০ বলে ২৯ রান করা বিলিংসকে আউট করেন মোস্তাফিজুর রহমান।

শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৯ রান। ফাহিম আশরাফের করা সেই ওভারে মঈন আলী আউট হলে নাটকীয়তা চরমে ওঠে। শেষ বলে যখন দরকার ৬ রান, তখন ক্রিস ওকসের ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো ছক্কা।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন সিলেট টাইটান্সের খালেদ আহমেদ। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে আত্মবিশ্বাসে ভর করে আরও শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার বার্তা দিল সিলেট, আর স্বপ্নভঙ্গ হলো রংপুর রাইডার্সের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button