সারাদেশ

৩১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

আত্মগোপনে থাকার ৩১ বছর পর ফুফাতো বোন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রংপুরের বদরগঞ্জ এলাকা থেকে র‍্যাব-১৩ তাকে গ্রেফতার করে।

শুক্রবার রংপুর র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারের পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, শফি উদ্দিনের বাড়ি মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামে। সে কফিল উদ্দিনের ছেলে। ১৯৯৫ সালে জমি-জমাসংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতো বোনকে খুন করে। এ নিয়ে মিঠাপুকুর থানায় মামলা হলে পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। হত্যাকাণ্ডের পর থেকে আসামি শফি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বদরগঞ্জ উপজেলায় বসবাস করতে থাকে।

সম্প্রতি আদালতের রায় বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অবগত হয়ে র‍্যাব-১৩ বৃহস্পতিবার বদরগঞ্জে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শফিকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button