অবস্থার অবনতি, খালেদা জিয়াকে কেবিন থেকে তড়িঘড়ি করে সিসিইউতে স্থানান্তর


অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছে।
দুপুরে গুলশান থেকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন। শায়রুল কবির জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডই এখন পুরো চিকিৎসা প্রক্রিয়া তত্ত্বাবধান করছে।
দলের পক্ষ থেকে ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে দলও অত্যন্ত উদ্বিগ্ন। তবে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে সঠিক পরিচর্যায় তাঁর পরিস্থিতির উন্নতি হবে।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২৬ নভেম্বর) তাঁর অবস্থার কিছুটা উন্নতির কথা জানানো হলেও পরবর্তী পর্যবেক্ষণের স্বার্থে তাঁকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের ইনফেকশনসহ একাধিক শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন। এসব জটিলতা ওঠানামা করায় তাঁকে প্রায়ই হাসপাতালে যেতে হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয় খালেদা জিয়াকে। সেখানে দীর্ঘ ১১৭ দিন চিকিৎসা শেষে তিনি ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্বাবধানে তাঁর নিয়মিত চিকিৎসা চলমান রয়েছে।



