রাজনীতি

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা বিএনপির জনপ্রিয় নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ মোট ১৩ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে তারা চরমভাবে ক্ষুব্ধ।

তিনি আরও জানান, এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পদত্যাগকারীদের মধ্যে যুবদল ও মৎস্যজীবী দলের নেতারাও রয়েছেন।

এ সময় আরও জানানো হয়, আগামী দিনে আরও অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করতে পারেন। ইতোমধ্যে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ বিএনপির ১৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় গজারিয়াসহ পুরো মুন্সীগঞ্জ জেলায় বিএনপির রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button