
স্টাফ রিপোর্টার :
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিলেটের ফুল বিক্রেতা শিশু ফাইজাকে নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। রাস্তায় ফুল বিক্রি করা এই আট বছরের মেয়েটি বাবা–মা দুজনকেই হারিয়েছে অনেক আগেই। অভাবের তাড়নায় প্রতিদিন শহরের বিভিন্ন মোড়ে ফুল বিক্রি করেই চলে তার জীবনযুদ্ধ।
ফাইজার গল্প ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে নেটিজেনদের। অনেকেই মেয়েটির পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে সবচেয়ে আলোচনায় উঠে আসেন সিলেটের তরুণ সমাজসেবক ফাহিম আল চৌধুরী।
ভিডিওটি দেখার পর ফাহিম আল চৌধুরী ব্যক্তিগতভাবে ফাইজার খোঁজখবর নেন। পরে তিনি জানান, শিশুটির দীর্ঘমেয়াদি দায়িত্ব নিতে তিনি আগ্রহী। ফাহিম বলেন,
“ফাইজাকে রাস্তার জীবনে বড় হতে দেওয়া যায় না। তার নিরাপত্তা, শিক্ষা আর ভবিষ্যতের দায়িত্ব নিতে আমি প্রস্তুত। তার থাকার ব্যবস্থা ও স্কুলে ভর্তির উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় কয়েকজন জানান, ফাইজা প্রতিদিন একই জায়গায় ফুল বিক্রি করে। মানুষজনের সঙ্গে ভদ্রভাবে কথা বলে বলেই তাকে সবাই সহজেই চিনে ফেলেছেন। তার অবুঝ মুখ ও কষ্টের গল্প অনেককেই ব্যথিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহিম আল চৌধুরীর এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মন্তব্য করছেন—
“একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে একজন মানুষের সদিচ্ছাই যথেষ্ট।”
ফাইজার ভবিষ্যৎ কীভাবে বদলায়, এখন সেদিকেই তাকিয়ে আছেন অনেকেই।



