

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন-সম্পর্কিত একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। এ ঘটনায় ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র সমালোচনা ও নিন্দা দেখা দিয়েছে।
ট্রাম্পের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত প্রায় এক মিনিটের ভিডিওটির শেষাংশে সংক্ষিপ্ত সময়ের জন্য ওবামা দম্পতিকে বানরের আদলে দেখানো হয়—যেখানে তাদের মুখাবয়ব রেখে শরীরকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওটিতে আবারও দাবি করা হয়েছে যে, ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ২০২০ সালের নির্বাচনে কারচুপিতে সহায়তা করেছিল—যে অভিযোগ আগে থেকেই বিতর্কিত ও প্রমাণহীন বলে বিবেচিত। শুক্রবার ভোর পর্যন্ত পোস্টটিতে এক হাজারের বেশি লাইক পড়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় এ পোস্টের কঠোর সমালোচনা করে। গভর্নরের প্রেস অফিস এক্সে এক বার্তায় এটিকে “জঘন্য” বলে উল্লেখ করে এবং রিপাবলিকানদের প্রকাশ্যে নিন্দা জানানোর আহ্বান জানায়।
ওবামার সাবেক ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডসও ভিডিওটির সমালোচনা করেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ভবিষ্যতে ওবামা দম্পতিকে ইতিবাচকভাবে স্মরণ করা হবে, আর ট্রাম্পকে বিতর্কিত অধ্যায় হিসেবে মূল্যায়ন করা হবে।
দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্রাম্প বিভিন্ন প্ল্যাটফর্মে কৃত্রিম বা সম্পাদিত দৃশ্য ব্যবহার করে পোস্টের পরিমাণ বাড়িয়েছেন। এসব কনটেন্টে প্রায়ই তাকে ইতিবাচকভাবে এবং সমালোচকদের ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়।
গত বছরও তিনি একটি এআই–নির্মিত ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে ওভাল অফিসে ওবামাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসকে নিয়েও একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করেছিলেন, যা জেফ্রিস প্রকাশ্যে বর্ণবাদী বলে আখ্যা দেন।
সূত্র: এএফপি, আল আরাবিয়া।



