জাতীয়

সোনার মূর্তি ও পুরোনো কয়েনের প্রলোভনে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে আটক ২

অনলাইন নিউজ ডেস্ক

সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা (কয়েন) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি কয়েন এবং একটি পিতলসদৃশ পুরোনো কলস জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল (কাঁঠালডাঙ্গী) গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন, সোনার মূর্তি ও পুরোনো কয়েন বিক্রির কথা বলে একটি চক্র তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে। বাকি টাকা পরিশোধের পর মূর্তি ও কয়েন দেওয়ার কথা থাকলেও তা না পেয়ে তিনি পুলিশের শরণাপন্ন হন।

অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রানীশংকৈল উপজেলার কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও সীমা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বারান্দার পাশের মাটির নিচ থেকে ছয়টি সোনালি রঙের গোপাল ঠাকুরের মূর্তি, পাঁচটি সাদা রঙের কয়েন এবং প্রায় দেড় কেজি ওজনের একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করে জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের আস্থা অর্জন করে প্রতারণা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। থানার নথি পর্যালোচনায় সীমা বেগমের বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগে আগের একটি মামলার তথ্যও পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রানীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button