অপরাধআইন ও বিচারস্থানীয়

সিলেটে বাণিজ্য মেলা থেকে ফেরার পথে কিশোরকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার

আশঙ্কাজনক অবস্থায় ফাহিম, ঢাকায় নেওয়ার পরামর্শ চিকিৎসকদের

 

সিলেটে বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে ফাহিম আহমদ (১৮) নামে এক কিশোরের ওপর হামলা ও গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি মো. মাহিনুর হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া চাষনীপীর মাজার রোডের আছিয়া মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ফাহিমের বড় ভাই নাঈম আহমদ (৩২) বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে বাণিজ্য মেলা থেকে ফেরার পথে ফাহিমকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার পিঠে ধারালো চাকু দিয়ে আঘাত করে গভীর ক্ষত সৃষ্টি করা হয়। পাশাপাশি লোহার রড দিয়ে তার দুই পা ও কোমরে আঘাত করা হয়।

পরে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ফাহিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজধানী ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, আহতের স্বজনদের অভিযোগ, মামলা আপস করার জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক মহল থেকে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কার মধ্যে রয়েছেন। তারা এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. মাহিনুর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button