

অনলাইন নিউজ ডেস্ক
সন্ধ্যার পর রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাওয়া গেলে তাদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, সন্তানদের ওপর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কমে যাচ্ছে। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে সময় অনেককে বিকেলেই রাস্তায় ঘুরে বেড়াতে এবং নানা ধরনের অঙ্গভঙ্গি ও শিস দিতে দেখা যায়। পারিবারিক শাসন ও নজরদারির অভাব থেকেই কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্র তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, দেশ থেকে কিশোর গ্যাং সম্পূর্ণ নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



