

অনলাইন নিউজ ডেস্ক
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আজও উত্তপ্ত গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।
পরে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালানো হয় এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। একই সময়ে এসএ টিভির এক ক্যামেরাপারসনও পায়ে আঘাত পান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা আজও বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন। আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।



