

অনলাইন নিউজ ডেস্ক
জামায়াতের আমিরের ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেবো’ বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, অন্যদিকে আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগাচ্ছে আওয়ামী লীগ। গতকাল (রোববার) মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে এমন ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ভয়ংকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশবিরোধী শক্তিগুলো। সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছেন। এ সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিকের ছদ্মবেশে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ও গার্মেন্টসে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না।



