

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আশা-আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। তবে, রাষ্ট্র পুনর্গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (১৯ জুলাই) দুপুরে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম এবং প্রাণ বিসর্জন জাতির সামনে নতুন স্বপ্ন ও প্রত্যাশার জন্ম দিয়েছিল। তিনি বলেন, সেই আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি ভেঙে গেছে—এ কথা তিনি বলবেন না। বরং নতুন করে রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার যথাযথ ব্যবহার করা প্রয়োজন।
এ সময় বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের কিছু বিষয় এড়িয়ে গিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি সংশ্লিষ্টদের সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, মতপার্থক্য ও সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।



