

অনলাইন নিউজ ডেস্ক
হেফাজতে ইসলামের উদ্যোগে কওমিপন্থী সাতটি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য, এই উদ্যোগ শেষ পর্যন্ত নতুন একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রতিটি দল থেকে তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের অন্তত ২০ জন নেতা সভায় অংশ নেন।
সভা শেষে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাংবাদিকদের বলেন, সাতটি দল ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
সভাসংশ্লিষ্ট একাধিক নেতা জানান, কওমি ধারার রাজনৈতিক দলগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের রাজনৈতিক জোট ও নির্বাচনকেন্দ্রিক অবস্থানের কারণে দলগুলোর মধ্যে যে দূরত্ব ও বিভক্তি তৈরি হয়েছিল, তা দূর করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
নেতারা জানান, হেফাজতে ইসলামের আমির প্রতিটি দলের কাছে ঐক্যের কাঠামো ও ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে লিখিত প্রস্তাব চেয়েছেন। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা শেষে প্রস্তাব জমা দেবে। আগামী আগস্টের শুরুতে আবার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা করা হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আপাতত সাতটি দল ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছে। কীভাবে সেই ঐক্য কার্যকর করা যায়, সে বিষয়ে প্রতিটি দলের মতামত নেওয়া হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সাতটি দলের আকিদা ও আদর্শে মিল থাকায় ঐক্যের ভিত্তি রয়েছে। তবে কী ধরনের কাঠামোয় এই ঐক্য হবে, সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কওমি ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমানো। এখনো নতুন কোনো রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত হয়নি।
খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম ইসলামি দলগুলোর মধ্যে সমন্বয়ের চেষ্টা করছে। ঐক্য কীভাবে টেকসই করা যায়, সে বিষয়ে দলগুলোকে লিখিত প্রস্তাব দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট নেতারা জানান, আগামী আগস্টের শুরুতে অনুষ্ঠিতব্য বৈঠকে সাত দলের সম্ভাব্য ঐক্যের কাঠামো ও পরবর্তী কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এই উদ্যোগ শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক জোটে রূপ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



