রাজনীতি

বিএনপির নেতাকর্মীদের আচরণে আরও বিনয়ী হতে হবে: সিলেটে রিজভী

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় আছে বলে দলের কোনো নেতাকর্মীর কথা বা আচরণে যেন সাধারণ মানুষ সামান্যতম আঘাত না পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, দলের নেতাকর্মীদের আরও বিনয়ী হতে হবে। নেতাকর্মীরা বিনয়ী হলে সংগঠনের জনপ্রিয়তা আরও বাড়বে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর বিএনপির কাজীরবাজার তোপখানাস্থ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সাম্প্রতিক এক জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা বেশি থাকার বিষয়টি উঠে এসেছে। তাঁর সুন্দর আচরণ ও সময়োপযোগী বক্তব্যই এর অন্যতম কারণ। দলের নেতাকর্মীদেরও সেই আদর্শ অনুসরণ করতে হবে। কোথাও সংঘাত সৃষ্টি হলে আইন নিজের হাতে না তুলে পুলিশকে জানাতে হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপির যে পর্যায়ের নেতাকর্মীই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে পারলে দলের জনপ্রিয়তা অক্ষুণ্ন থাকবে।

আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের পার্থক্য তুলে ধরে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবাদপত্র, রাজনৈতিক দল এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা পুনরুজ্জীবিত করেছিলেন। বিএনপি সেই ধারার রাজনীতি করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও একই পথে এগিয়ে যাচ্ছেন। তাই দলের কোনো কর্মকাণ্ডে যেন জনগণ বিরক্ত না হন, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

সিলেটের আন্দোলন-সংগ্রামের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, অতীতের গণতান্ত্রিক আন্দোলনে সিলেটের অবদান অবিস্মরণীয়। এ অঞ্চলের অনেক ছাত্রনেতা গুম হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও সাংবাদিকসহ অনেকে প্রাণ হারিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শহর হিসেবে সিলেটের ঐতিহ্য রয়েছে। বিএনপির নেতাকর্মীদের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, মহানগর বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব কার্যালয়ে দলের মহাসচিবকে পেয়ে তারা আনন্দিত। দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন ওয়ার্ডে পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, সিলেট মহানগর বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে নেতাকর্মীরা জড়াবেন না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় সিলেট মহানগর বিএনপি, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button