
নগর সমাচার | নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (৩ নভেম্বর) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রদীপ কুমার মহোত্তমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে ফয়সাল আহমেদ চৌধুরীকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে নতুন সভাপতিকে সিলেট বিভাগ ছাড়া দেশের অবশিষ্ট সাত বিভাগের সাতজন সদস্যের সমন্বয়ে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ মে ২০২৭ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিষয়টিও আদেশে উল্লেখ করা হয়েছে।


