রাজনীতি

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিএনপি। ইশতেহারে শিক্ষা খাতে একাধিক নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুল ড্রেস ও ওয়াই-ফাই সুবিধা, বেসরকারি বিশ্ববিদ্যালয় করমুক্ত রাখা, তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বলা হয়েছে, শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়াতে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় সহায়তা মিলবে এবং ডিজিটাল বৈষম্য কমবে।

শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিনা মূল্যে স্কুল ড্রেস সরবরাহের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ইশতেহারে বলা হয়, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার পর থেকে উচ্চশিক্ষা সম্প্রসারণে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এগুলো অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে এবং শিক্ষা গ্রহণ ও প্রদান করমুক্ত রাখা হবে।

শিক্ষার মানোন্নয়নে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দমুখর শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও বলা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে দলগত কাজ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান ও ম্যান্ডারিনসহ বিভিন্ন ভাষায় তৃতীয় ভাষা শিক্ষা মাধ্যমিক স্তর থেকে চালুর কথা বলা হয়েছে, যাতে দেশে-বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ে।

বেকারত্ব কমাতে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। সিলেবাস এমনভাবে সাজানোর কথা বলা হয়েছে, যাতে এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেও একজন শিক্ষার্থী কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।

স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং প্রান্তিক ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button