রাজনীতি

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য এলাকা থেকে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা শাহবাগে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার বিচার দাবি করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এ সময় উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএসসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে বলপ্রয়োগ করেছে। তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং অভিযানে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে পুলিশের দাবি, আন্দোলনকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বলপ্রয়োগ করলেও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button