খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা


অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটটির ল্যান্ডিং ও টেকঅফের জন্য বিশেষ নিরাপত্তা এবং প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রদানের প্রক্রিয়া শুরু করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ নিশ্চিত করে জানান, কাতারের এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হবে। সময়সূচি চূড়ান্ত হলেই সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রমে যুক্ত হবে।
তবে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা আবারও পিছিয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেছেন, “ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। নতুন তারিখ এখনই বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স এলে যেকোনো দিন নেওয়া হতে পারে।”
এদিকে এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে স্থিতিশীল হলেও উন্নতির কোনো লক্ষণ নেই। তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডাম ফ্লাই করার মতো শারীরিক অবস্থায় আছেন কিনা সেটিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।”
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, কাতারের ব্যবস্থাপনায় সংশোধিত সময়সূচি অনুযায়ী ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে।
পরিস্থিতি ঘিরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উদ্বেগ বাড়ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং ফ্লাইটের চূড়ান্ত সমন্বয় সম্পন্ন হওয়ার পরই খালেদা জিয়ার বিদেশ যাত্রার নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।



