

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সারা বাংলার মানুষ জানে দিনাজপুরকে কৃষিপ্রধান জেলা হিসেবে। আমরা চাই এখানে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প স্থাপন করতে। এর মাধ্যমে এই এলাকার বিখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, “যদি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হয়, আমরা লিচু প্রক্রিয়াজাত করে হিমায়িত অবস্থায় বিদেশে রপ্তানি করব। এছাড়া এই এলাকার কাটারি চালও বিশেষভাবে বিখ্যাত। আমরা চাই, কারখানার মাধ্যমে এই চালকে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিতে।”
তিনি বলেন, “শুধু রপ্তানিমুখী বা শিল্প প্রতিষ্ঠান নয়, আমরা চাই শিক্ষিত এই এলাকার সন্তানদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করতে। এখানে তারা বিদেশি ভাষা শিক্ষা পাবেন, যাতে তারা দেশে বা বিদেশে বসে আয় করতে পারে।”
তারেক রহমান আরও উল্লেখ করেন, “যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সারাদেশের নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে দেওয়া হতো। আমরা চাই নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করি, যা তাদের অর্থনীতিগতভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।”
এ সময় তিনি দিনাজপুর জেলার ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করান। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চার উপজেলা ও জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতারা।



