আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী

লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুসহ অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।

আইওএম জানায়, ৫৫ জন আরোহী নিয়ে নৌকাটি গত ৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে উল্টে যায়। দুর্ঘটনার পর মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের তীরে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বেঁচে ফেরা যাত্রীরা জানান, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। এটি ৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার আল-জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ছয় ঘণ্টা পর দুর্ঘটনার শিকার হয়।

আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ঝুঁকিপূর্ণ সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এ ঘটনার পর চলতি বছর এই পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৪ জনে।

সংস্থাটি আরও জানায়, শুধু জানুয়ারিতেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেন্ট্রাল মেডিটেরানিয়ানে একাধিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক দুর্ঘটনার তথ্য নথিভুক্ত হয় না।

আইওএম সতর্ক করে বলেছে, ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা অব্যাহত থাকায় শরণার্থী ও অভিবাসীরা এখনও প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button