

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা প্রত্যেকেই সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানানো হয়।
পদত্যাগকারীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ মুনছের আলী এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. জাকির হোসেন।
লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক জটিলতা এবং দলের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের কারণে তারা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের ভাষ্য, একাধিকবার তারা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন। অতীতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় আদর্শিক কিছু বিষয়ে অস্বস্তি তৈরি হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও বলেন, দলীয় রাজনীতি ছাড়লেও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় মানুষের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার কথাও জানান তারা।
সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



