

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা সংলগ্ন সড়ক ও বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয়টি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফুটপাতের ওপর গড়ে ওঠা বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তা ও ফুটপাতের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় ছয়টি দোকানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযানে জগন্নাথপুর পৌরসভা কর্তৃপক্ষ, আনসার সদস্য ও জগন্নাথপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন বলেন, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং পৌর এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


