রাজনীতি

ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন মোস্তাক সরকার নামে এক জামায়াত নেতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্বে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোস্তাক সরকার গ্রামের এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। এ সময় স্থানীয় কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ শুরু করলে তিনি দ্রুত সেখান থেকে দৌড়ে সরে যান। উপস্থিত লোকজন তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তিনি পালাতে সক্ষম হন।

ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ-2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে কেন্দ্র পরিচালনা ও নেতাকর্মীদের আনুষঙ্গিক খরচের জন্য অর্থ দেওয়া হয়ে থাকে। এটি সেই ধরনের অর্থও হতে পারে। তিনি দাবি করেন, ভয় পেয়ে দৌড়ে চলে গেলেও ভোট কেনার অভিযোগ সঠিক নয়।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ভিডিওটি তারা দেখেছেন এবং বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পাচ্ছেন। পাশাপাশি ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button