সিলেট সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, অংশ নেবেন বিশ্বনাথে ইফতার ও দোয়া মাহফিলে


নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) এক দিনের সফরে সিলেট জেলায় আসছেন। সফরকালে তিনি সিলেট নগরী ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় তিনি ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। পরে দুপুর ১টা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন।
দুপুর ২টা ১৫ মিনিটে তাঁর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানাবেন।
বিকেল ৩টায় তিনি সিলেট নগরীর সার্কিট হাউসে উপস্থিত হয়ে সিলেট জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি সার্কিট হাউস থেকে বিশ্বনাথ উপজেলার উদ্দেশে রওনা দেবেন। বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরীর বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। ইফতার শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
রাত সাড়ে ৮টায় তিনি বিশ্বনাথ থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন এবং রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সফরকালে তাঁর সঙ্গে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকবেন।



