

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন!
পরিষ্কার থাকতে আমরা প্রতিদিন কত সাবান, শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু তারপরও শরীরের একটি অংশ থাকে যেটি প্রায়ই নোংরা থেকেই যায়। সেখানে থাকে কোটি কোটি ব্যাকটেরিয়া। অবাক হবেন জানলে, এই অংশটিই শরীরের সবচেয়ে নোংরা এবং দুর্গন্ধময়।
তাহলে কোন অংশটির কথা বলা হচ্ছে?
শরীরের সবচেয়ে নোংরা জায়গাটি হলো নাভি। বিজ্ঞানীরা বলেন, নাভি আসলে শরীরের একটি ক্ষত, যা জন্মের সময় শিশুকে মায়ের শরীর থেকে পৃথক করার সময় তৈরি হয়। নাভিকুণ্ডল বেশিরভাগ সময় ভেতরের দিকে থাকে, আর খুব কমসংখ্যক মানুষেরই নাভিকুণ্ডল বাইরের দিকে থাকে। এই অংশটি হলো জীবাণুর আখড়া।
এখন প্রশ্ন জাগতেই পারে, নাভি কতটা নোংরা?
২০১২ সালে পিএলওএস ওয়ানে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, নাভিতে থাকতে পারে ২৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া, যার মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বিজ্ঞানীদের জন্যও নতুন।
টরন্টোর ডিএলকে কসমেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞের মতে, নাভি ব্যাকটেরিয়ার আদর্শ প্রজননক্ষেত্র। বিশেষ করে যারা বেশি ওজনের, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত, অথবা নাভিতে পিয়ার্সিং করেছেন তাদের নাভিতে বেশি ব্যাকটেরিয়া থাকে।
শরীরের যে কোনো অংশে চামড়ার ভাঁজ পড়ে, ঘামে ভেজে এবং আর্দ্র থাকে সেখানে বেশি ব্যাকটেরিয়া জন্মায়। নাভি এমনই একটি অংশ।
চিকিৎসকরা বলছেন, যদি কখনো নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, বা দুর্গন্ধ হয়, তাহলে সাবধান হোন। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হিন্দুস্তান টাইমস



