

ইসলাম শুধু নামাজ-রোজা বা ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবনব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আইন, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক—মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামে দিকনির্দেশনা রয়েছে।
ইসলাম যেমন আখিরাতের মুক্তির পথ দেখায়, তেমনি দুনিয়ার জীবন পরিচালনার জন্যও ভারসাম্যপূর্ণ নীতিমালা দিয়েছে। রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব নির্বাচন ও শাসনব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। এ কারণে ভোট ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়টিও ইসলামী চিন্তায় তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত।
ইসলামী শিক্ষায় নেতৃত্বের ক্ষেত্রে সততা, যোগ্যতা, ন্যায়পরায়ণতা, খোদাভীতি, জ্ঞান, আমানতদারিতা ও উত্তম চরিত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুর্নীতি, অন্যায় বা অবিচারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়—এমন ধারণা বহু আলেম তুলে ধরেছেন। তাই নির্বাচন স্বচ্ছ হওয়া যেমন জরুরি, তেমনি যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
ভোট না দিলে কি গোনাহ হবে?
বর্তমানে অনেকেই বিভিন্ন কারণে ভোট দেন না। এ নিয়ে প্রশ্ন ওঠে—ভোট না দিলে গোনাহ হবে কি না। এ বিষয়ে ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের এক আলোচনায় বলেন, যদি কারও কাছে উপযুক্ত প্রার্থী না থাকে বা পরিবেশ নিরাপদ মনে না হয়, তাহলে ভোট না দিলেও গোনাহ হবে না।
তার ভাষ্য অনুযায়ী, ভোট দেওয়া ফরজ বা ওয়াজিব নয়। তবে কেউ ভোট দিলে তা দায়িত্বশীলতার সঙ্গে দেওয়া উচিত—দ্বীন, দেশ ও মানুষের সামগ্রিক কল্যাণ বিবেচনায় রেখে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কারও নিষ্ক্রিয়তার কারণে যদি অন্যায়ভাবে কেউ সুবিধা পেয়ে যায়, সে বিষয়টিও বিবেচনায় রাখা দরকার।
ভোট ও সাক্ষ্যের সম্পর্ক
ইসলামী চিন্তায় ভোটকে অনেক আলেম সাক্ষ্য, সুপারিশ ও প্রতিনিধিত্বের অঙ্গীকার হিসেবে ব্যাখ্যা করেছেন। কাউকে ভোট দেওয়া মানে তার যোগ্যতা সম্পর্কে ইতিবাচক সাক্ষ্য দেওয়া। সঠিক ব্যক্তিকে সমর্থন করা সত্য সাক্ষ্যের শামিল, আর অযোগ্য ব্যক্তিকে সমর্থন করা মিথ্যা সাক্ষ্যের পর্যায়ে পড়তে পারে—এমন মতও রয়েছে আলেমদের মধ্যে।
কোরআনে বলা হয়েছে, “যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, সে তার অংশ পাবে; আর যে ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করবে, সে তার পাপের অংশীদার হবে।” (সূরা নিসা: ৮৫)
আরেক আয়াতে এসেছে, “হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের ওপর দৃঢ় থাকো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও—তা নিজের, পিতা-মাতা বা আত্মীয়স্বজনের বিরুদ্ধে গেলেও।” (সূরা নিসা: ১৩৫)
সহিহ বুখারির এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বড় গোনাহগুলোর মধ্যে আল্লাহর সঙ্গে শরিক করা, পিতা-মাতার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।



