

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা মায়ের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, মৃত বৃদ্ধার এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে যুগ্ম সচিব এবং অন্য ছেলে কানাডাপ্রবাসী। জাগতিক সাফল্যের শিখরে পৌঁছালেও তারা মায়ের খোঁজ নেওয়ার সময় পাননি বলে মন্তব্য করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, ঈদের মতো গুরুত্বপূর্ণ সময় পার হলেও সন্তানরা জানতে পারেননি তাদের মা জীবিত নাকি মৃত। একাকী অবস্থায় মৃত্যুর পর কয়েক দিন ধরে ঘরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে।
তিনি বলেন, “যে সফলতা মা-বাবার প্রতি দায়িত্ববোধ ভুলিয়ে দেয়, মৃত্যুর সময়ও মায়ের পাশে থাকার সুযোগ দেয় না, এমন সফলতার কোনো মূল্য নেই।”
আরও বলেন, দ্বীন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষাকে উপেক্ষা করে শুধু বস্তুগত সফলতার পেছনে ছুটলে সমাজে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতেই থাকবে। তিনি সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, মিরপুর-৬ এলাকার একটি বাসা থেকে ৭২ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হয়েছে প্রায় সাত থেকে আট দিন আগে।



