শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে।


অনলাইন নিউজ ডেস্ক
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
পথযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। স্লোগানে হত্যাকাণ্ডের বিচারের দাবি ও বিদেশি প্রভাববিরোধী বক্তব্য উঠে আসে।
মার্চ ফর ইনসাফ শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে ১০টি পিকআপে করে নেতাকর্মীরা অংশ নেন।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে—হাদি হত্যার দ্রুত বিচার, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং রাষ্ট্রীয় কাঠামোয় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার ও বিচার।



