জাতীয়

দেশের মানুষ তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে হুঁশিয়ারি সারজিস আলমের

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হলে দেশের মানুষ ভবিষ্যতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “নতুন করে কার্ডের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমান বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা জানতে চাই, এসব কার্ডের মধ্যে চাঁদাবাজি, দখলদারি বা ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ থাকবে কি না। ভবিষ্যতে এসব কর্মকাণ্ড দেখা গেলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।”

তিনি আরও বলেন, ভোটাররা শুধু কোনো ব্যক্তিকে দেখে ভোট দেয়নি; বরং দলের ঐতিহ্য, প্রতীক ও অতীত নেতৃত্ব বিবেচনায় ভোট দিয়েছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামালপুরের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে সারজিস আলম বলেন, জেলার হাসপাতালগুলোতে জনবল, ওষুধ ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ভূমি অফিস ও থানায় দুর্নীতি, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার বন্ধের দাবি জানান তিনি। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা স্থায়ী নয়; জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button