রাজনীতি

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রকে সঠিকভাবে পুনর্গঠনের জন্য সংস্কার অপরিহার্য। যারা দেশের প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, অতীতে দুর্নীতিগ্রস্ত লোকজন রাষ্ট্রব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন দেশকে সঠিক পথে ফেরাতে নতুন সরকারের প্রয়োজন। ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমেই বোঝা যাবে, কারা সংস্কারের পক্ষে এবং কারা বিপক্ষে। গণভোট নিয়ে বিভ্রান্তি থাকলেও তিনি বলেন, দেশ গড়ার স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।

নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমর্থন পেলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা তুলে ধরে তিনি জানান, দল ক্ষমতায় গেলে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যাতে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পান।

ইশতেহারের প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। একই সঙ্গে এনজিও থেকে নেওয়া ঋণেও মওকুফের উদ্যোগ থাকবে। এ ছাড়া দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button