আইন ও বিচার

অফিসে নিয়মিত উপস্থিতি নিশ্চিতে আইন ও বিচার বিভাগের নতুন নির্দেশনা

অফিসে উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও বিচার বিভাগ নতুন অফিস আদেশ জারি করেছে।
সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসরণ করতে হবে। বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা এবং দেরিতে অফিসে উপস্থিত হওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নির্দেশনায় বলা হয়েছে, সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। পবিত্র রমজান মাসে অফিস সময় শেষ হবে বিকেল ৩টা ৩০ মিনিটে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টায়।
অফিস চলাকালে জরুরি বা দাপ্তরিক প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান (যুগ্মসচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে। পাশাপাশি ‘অফিস ত্যাগ রেজিস্টার’-এ এন্ট্রি ও ডিজিটাল হাজিরা দিয়ে অফিস ত্যাগ করতে হবে।
নির্দেশনা অমান্য করে কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে বা দেরিতে উপস্থিত হলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button