সারাদেশ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়লো গুরুত্বপূর্ণ নথি

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার এস এম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে তারা এসে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বলেন, ‘আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি সঙ্গে সঙ্গে টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button