

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনায় গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেঘারপটল গ্রামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দলের কিছু নেতাকর্মী এ ঘটনায় সম্পৃক্ত থাকতে পারেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতেই কমিটি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।



