জাতীয়

নকল টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কর্মকাণ্ড চালানোর ঘটনায় দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ সতর্কবার্তা জারি করে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন জানায়, সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এমন কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকার অনুকরণ করে বড় আকৃতির ‘নমুনা নোট’ প্রদর্শন করা হচ্ছে। একটি অসাধু চক্র এসব নোট ব্যবহার করে ভুয়া প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, বাজার বা জনসমাগমস্থলে আসল টাকার সদৃশ কোনো কাগজ বা নোট ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তা দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষকে আসল নোটের আদলে কোনো কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো আর্থিক তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জালিয়াতি প্রতিরোধ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ও শনাক্তকরণ পদ্ধতি জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য ও দাফতরিক উৎস থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button