

অনলাইন নিউজ ডেস্ক
বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র লোডশেডিং ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ীদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ী নেতারা। পৃথক বাণিজ্য মেলা বন্ধ করে বছরে একটি যৌথ আন্তর্জাতিক মেলা আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
এ দাবিতে আগামী রবিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা। মেলার সিদ্ধান্ত থেকে সরে না এলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার রাতে নগরীর বারুতখানার একটি হোটেলের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত জরুরি যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
বক্তারা বলেন, কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ নিয়মিত পরিচালন ব্যয় মেটাতেই ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে একাধিক পৃথক মেলা আয়োজন করা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে।
তারা বলেন, ব্যবসায়ীরা বাণিজ্য মেলার বিরোধী নন। প্রচলিত নীতি অনুযায়ী জেলায় বছরে একটি আন্তর্জাতিক মেলা আয়োজন করা হলে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। তবে পৃথকভাবে একাধিক মেলার পরিবর্তে সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের যৌথ উদ্যোগে বছরে একটি মেলা আয়োজনের প্রস্তাব দেন তারা।
ব্যবসায়ীদের স্বার্থে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা প্রশাসক ও এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে মেলা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে নামবেন।
সভায় সিলেট দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।



