

অনলাইন নিউজ ডেস্ক
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সামার কনভেনশন-২০২৬ এবং সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, খুলনা বিভাগের আইনজীবীদের সংগঠিত উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনটিকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে আইনজীবীদের পেশাগত স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ গুরুত্ব পাবে।
আইনমন্ত্রী বলেন, সমাজে বিভাজনের পরিবর্তে ঐক্য, সহনশীলতা ও পুনর্মিলনের সংস্কৃতি প্রতিষ্ঠা সময়ের দাবি। প্রবীণ ও নবীন আইনজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারণে আইনজীবী সংগঠনগুলোর ভূমিকা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, খুলনা বিভাগ থেকে প্রতিবছর মেধাবী আইনজীবী, বিচারক ও আইন কর্মকর্তা দেশের বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনেও এ ধারা অব্যাহত রাখতে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতিকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
মো. আসাদুজ্জামান বলেন, আইনজীবী সমাজ আইনের শাসন, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ দায়িত্ব পালনে পেশাগত সততা, নৈতিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই রাজনৈতিক পরিচয়ের আগে নিজেকে একজন আইনজীবী এবং খুলনা বিভাগের মানুষ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করবেন। তার মতে, ঐক্য, সম্প্রীতি ও পেশাগত উৎকর্ষের মাধ্যমেই আইনজীবী সমাজ আরও সমৃদ্ধ হতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা বাদল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ অন্যান্য আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।



