

দীর্ঘ ১৮ মাস পর মাদারীপুরের শিবচর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে এই পতাকা উত্তোলন করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আতিকুর রহমান মাদবর নেতা-কর্মীদের নিয়ে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে আসেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তারা কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করে দ্রুত সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে মো. আতিকুর রহমান মাদবরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।



