সরকার

প্রথমবার অফিসে গিয়ে মায়ের পুরোনো কর্মীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার তৃতীয় কর্মদিবস। এর আগে তিনি দুই দিন বাংলাদেশ সচিবালয়ে দায়িত্ব পালন করেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

প্রেস সচিব ছালেহ শিবলী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

 

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন তিনি।

 

পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতও করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button