সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় দুই আ.লীগ নেতা

কক্সবাজারের রামুতে মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

কারাবন্দি দুই সহোদর ফরিদুল আলম ও মো. ইসমাঈল প্যারোলে মুক্তি পেয়ে বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে হাতকড়া অবস্থায় তাদের কাঁদতে দেখা যায়। তারা দাবি করেন, একের পর এক ষড়যন্ত্রমূলক মামলায় তারা হয়রানির শিকার হয়েছেন। নিজেদের নির্দোষ দাবি করে মায়ের আত্মার মাগফিরাত এবং অসুস্থ বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি মামলায় গ্রেপ্তার হয়ে তারা কারাগারে যান। ওই মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় পুনরায় আটক দেখানো হয় এবং পরে রাজনৈতিক আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। প্রায় আড়াই মাস ধরে তারা কারাবন্দি। এ সময় মায়ের সঙ্গে শেষ দেখা করার সুযোগ পাননি তারা।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জামিন ও প্যারোল সংক্রান্ত বিষয় আদালতের এখতিয়ারভুক্ত। পুলিশের এ বিষয়ে কোনো ভূমিকা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button