

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাণিজ্য ও শিল্প খাতকে আরও শক্তিশালী করতে দুই দেশই কাজ করছে।
শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে ভারতের সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, এই আলোচনা সিলেটের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতীয় সহকারী হাইকমিশনারও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে সিলেট অঞ্চলের বাণিজ্য সম্প্রসারণ, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বৃদ্ধি, পাট ও বস্ত্র খাতে বিনিয়োগ এবং শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী সিলেট জেলা ও মহানগর বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন।
এর আগে তিনি টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার মান ও স্বচ্ছতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠনের উদ্যোগের কথা জানান। তিনি বলেন, টিসিবির পণ্য বিতরণ শুধু বাণিজ্য নয়, এটি জনগণের জন্য একটি জরুরি সেবা।

